প্রায় ৬৮ হাজার টন ডিজেল এসেছে; মজুত বাড়ায় কমছে সরবরাহ সংকটের শঙ্কা
চট্টগ্রাম
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। নতুন এ চালান যুক্ত হওয়ায় দেশে জ্বালানি তেলের মজুত আরও কয়েকদিন বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদন
মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়। জাহাজ দুটির একটি ‘এমটি টর্ম দামিনি’, যাতে ৩৩ হাজার টন ডিজেল রয়েছে। এটি সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর। অপর জাহাজ ‘এমটি লুসিয়া সলিস’-এ রয়েছে ৩৫ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ভিটল এশিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। গত ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল প্রায় ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব ছিল।
নতুন এই চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪ থেকে ৫ দিনের জন্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ইতোমধ্যে কয়েকটি জাহাজ এসেছে এবং সামনে আরও জাহাজ আসবে। তিনি জানান, চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, চলতি মাসে দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।