পরমাণু ও হরমুজ ইস্যুতে ইউরোপকে সক্রিয় করতে কূটনৈতিক তৎপরতা জোরদার তেহরানের
তেহরান / ইসলামাবাদ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিভিন্ন ইউরোপীয় ও আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
প্রতিবেদন
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ইরানের দেওয়া প্রস্তাব—বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হরমুজ প্রণালি তত্ত্বাবধান—নিয়ে ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন আরাগচি।
এ বিষয়ে তিনি ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতা না হলেও কূটনৈতিক প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। বরং ভবিষ্যতে আলোচনার সুযোগ এখনো খোলা রয়েছে বলে মনে করছে তেহরান।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে কার্যত পাশ কাটিয়ে ইসরাইলের সঙ্গে সমন্বয় জোরদার করেছেন। ফলে ট্রান্স-আটলান্টিক সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছে।
অন্যদিকে, এতদিন ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে তেহরান তেমন গুরুত্ব দেয়নি। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তন, ইউরোপীয় অর্থনীতির চাপ এবং আন্তর্জাতিক বিভাজন গভীর হওয়ায় এখন সেই অবস্থান পুনর্বিবেচনা করছে ইরান।
বিশেষজ্ঞদের ধারণা, ইউরোপকে কৌশলগতভাবে কাছে টেনে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা এবং আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করাই তেহরানের মূল লক্ষ্য।
সূত্র
দ্য গার্ডিয়ান