চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৫ মে ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬৮ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এ সংক্রান্ত সাংগঠনিক নির্দেশনা জারি করা হয়।
কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক করা হয়েছে রাফসান জানি রিয়াজকে। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন রিদুয়ান হৃদয়।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুককে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্যসহ মোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, “চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডের প্রায় এক হাজার সংগঠকের তথ্য যাচাই-বাছাই করে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছেন প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।”
তিনি আরও বলেন, “আগামীর চট্টগ্রামের রাজনীতিতে নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।”