মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিশ্চিত করেছেন যে, ইরানের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে মার্কিন বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।
তিনি সতর্ক করে বলেন যে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র ‘সামরিক উপায়ে শুরু করা কাজ সম্পন্ন করতে পারে’ এবং সেক্ষেত্রে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।
ট্রাম্পের এই হুমকির পরপরই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরান এই হামলাকে “যুদ্ধবিরতি লঙ্ঘন” নয়, বরং তাদের নিয়ন্ত্রণে থাকা জলসীমায় “যুদ্ধবিরতি ব্যবস্থাপনা” বা নিয়ম রক্ষা বলে দাবি করেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কোনো দ্বিমত থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারত, তবে সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।
দুই সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ড্রোন হামলা চালিয়ে এই সমঝোতা বারবার লঙ্ঘন করেছে।