ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় একটি ইসলামি বোর্ডিং স্কুল ধসে পড়ার পর অন্তত ৯১ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আল-আরাবিয়া জানিয়েছে, সোমবার সিদোয়ারজো শহরের এই বহুতল ভবনটি হঠাৎ করেই ভেঙে পড়ে, যখন শিক্ষার্থীরা বিকেলের নামাজের জন্য জড়ো হয়েছিলেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘ছাত্র উপস্থিতির হিসাব অনুযায়ী, প্রায় ৯১ জন বিল্ডিংয়ের নিচে আটকে পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।’
এর আগে সংস্থাটি জানিয়েছিল, তিনজন নিহত হয়েছেন এবং আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, নিখোঁজদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা ইমি ফ্রিজার জানান, ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সহায়তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, সাতটি এলাকায় প্রাণের চিহ্ন পাওয়া গেছে এবং সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, ‘মূল ভবনটি পুরোপুরি ধসে পড়েছে, এখনো সাড়া দিচ্ছেন এমন ভিক্টিমদের উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছি আমরা।’
ধ্বংসস্তূপের পাশে বুধবার বহু অভিভাবক অপেক্ষা করছিলেন, যখন উদ্ধারকারী দলগুলো জীবিতদের খুঁজে বের করতে কাজ করছিল।