বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর মতে, সরকারের ওপর যে আস্থা রাখা হয়েছিল, তারা তার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছিল। কিন্তু সেই আস্থা তারা নষ্ট করেছে। জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে।”
তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশেরও বিরোধিতা করেন। তাঁর মতে, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা বাস্তবসম্মত সুযোগ নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, “বর্তমান সংকটের মূল উৎস হলো সরকারের ব্যর্থতা। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি দেশের মানুষ চায় ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।