২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে। দায়িত্ব পালনের মেয়াদ ও সংশ্লিষ্ট নির্বাচনগুলোর ভিত্তিতে তাদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, একই কর্মকর্তা একাধিক জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করে থাকলে তার ক্ষেত্রে পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের শনাক্ত করে আলাদাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা তাদের শনাক্ত করছি। সবাইকে একসঙ্গে বাদ দেওয়া সম্ভব নয়। প্রথমে দেখা হচ্ছে, কে তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, কে দুটি, আর কে একটি নির্বাচনে ছিলেন; সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্প্রতি সারাদেশের পুলিশ ইউনিটে পাঠানো নির্দেশনায় সংশ্লিষ্টদের তথ্য, দায়িত্বের সময়কাল এবং অবস্থান সংক্রান্ত নথি সংগ্রহ করে চূড়ান্ত তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।
তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তীতে দেয়া হবে বলে জানা গেছে।