কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহিদ পরিবারের সদস্যরা।
তিনি বর্তমানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, শহিদ পরিবারদের অংশগ্রহণে মনোনয়ন ফরম সংগ্রহ একটি প্রতীকী ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই মনোনয়নকে কেন্দ্র করে দেবিদ্বারজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সামনে আরও সাংগঠনিক কার্যক্রম ও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।