ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের
ঢাকা, বাংলাদেশ — ৮ জানুয়ারি ২০২৬
হেফাজতে ইসলাম বাংলাদেশ অভিযোগ করেছে, দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, নারী ও শিশু ধর্ষণ এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে।
মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা এবং বিভিন্ন স্থানে হামলা ও নির্যাতনের ঘটনা ‘দেশবিরোধী ফ্যাসিস্ট চক্রের’ পরিকল্পিত কর্মকাণ্ড।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “পতিত দেশবিরোধী চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা করছে। কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের ওপর হত্যা ও নির্যাতন হয়েছে। জুলাই যোদ্ধা হাদি ও মুসাব্বিরদের হত্যা করে মানুষের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠছে।”
তিনি আরও বলেন, এসব হামলার উদ্দেশ্য হলো বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। কারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে, তা নির্ধারণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
হেফাজতের মহাসচিব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, “নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি দুষ্ট চক্র বসে আছে। জনগণের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করে তারা সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে চরমভাবে বাধাগ্রস্ত করতে চায়। প্রশাসন দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা নিশ্চিত করুন।”
তিনি গ্রেফতারকৃত নিরপরাধ আলেম-ওলামা ও ইসলামপন্থীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানান এবং হামলাকারীদের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগতভাবে প্রতিহত করার নির্দেশ দেন।