আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ জানুয়ারি ২০২৬
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৈঠকে উপস্থিত রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
এছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সারাদেশে নির্বাচনকে ঘিরে যেসব সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, সেখানে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও অনিয়ম প্রতিরোধে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।