সরকারের সংস্কার প্রচারকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি মহাসচিবের দাবি—৩১ দফা প্রস্তাব দুই বছর আগেই দিয়েছিল বিএনপি
ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬
সংস্কার নিয়ে সরকারের প্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কোনো নতুন ধারণা নয়—এর জন্ম বিএনপির হাতেই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগেই। এখন সরকার ব্যাপক প্রচার চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ কিছু লোক বড় গলায় বলছে—নির্বাচন হতে দেব না। খোঁজ নিলে দেখা যাবে, তাদের তিনটা ভোটও নেই।”
নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা সরকার গঠন করব, না করলে বিরোধী দলে থাকব। আগে থেকেই এত গলাবাজির দরকার কী?”
তিনি আরও বলেন, “যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করেনি, তারাই আজ সবচেয়ে বেশি দুষ্টামি করছে। আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা ভুলে যাইনি। বহু ত্যাগের পর দেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসেছে—এখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ।”