রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণার ঘোষণা ছাত্রশিবিরের
ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী সংগঠিত ও জোরালো প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ লক্ষ্যে নয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ক্যাম্পেইন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে এই ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নয় সদস্যবিশিষ্ট ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি’র অনুমোদন দেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাকে এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদিকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক, পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম তানভীর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, “বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রের মৌলিক সংস্কার অপরিহার্য।”
তিনি আরও বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফ্যাসিবাদী শাসনের চিরতরে অবসান এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়তে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।”