ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে নারী কর্মীদের একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি ইবনে সিনা হাসপাতাল, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান ও সোবহান বাগ মসজিদসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। তিনি বলেন,
“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে।”
তিনি দাবি করেন, সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার গত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ বলেও মন্তব্য করেন তিনি।
নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান হবে না উল্লেখ করে জামায়াত প্রার্থী বলেন, জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। এ জন্য নারী-পুরুষ, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও তিনি দাবি করেন।
এসময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতে যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং দুর্নীতি ও সন্ত্রাসে জড়িত ছিল, তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করতে পারে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
সব ধরনের ভয় ও বাধা জয় করে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সহকারী জোন পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ, কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমির অধ্যাপক মুজিবুর রহমান, কলাবাগান পূর্ব থানা আমির জাহিনুর রহমান, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল, ধানমন্ডি থানা কর্মপরিষদ সদস্য মো. আনিসুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।