প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জ
সুনামগঞ্জে হাওরের বোরো ফসল সুরক্ষায় বাঁধ নির্মাণ কাজে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
৩০ শতাংশ কাজ সম্পন্নের অভিযোগ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তাদের দাবি, বাঁধ তদারকিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারণে নির্মাণকাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
ফলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন হাওরাঞ্চলের কৃষকরা।
হুঁশিয়ারি
বক্তারা বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে ফসল ডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বক্তব্য রাখেন
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।