বেইজিং, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চীন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চীন সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য কাজ করছে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস ও সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “প্রতিবেশী ও মিত্র দেশ হিসেবে চীন এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতের ফলে হতাহতের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনবে।”
বিবৃতিতে আরও বলা হয়, বৈরিতার অবসান দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং পুরো অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।