ধনবাড়ী (টাঙ্গাইল), ২৭ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র ফুয়াদ। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
ফুয়াদ গোপালপুর উপজেলার ভেডাঢাকুরী গ্রামের রেজাউল করিমের ছেলে। সে মধুপুর উপজেলার পৌর শহরের বোয়ালী এলাকার একটি কওমি মাদ্রাসার ছাত্র। পরিবারের দাবি, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে আসার পথে হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। ফুয়াদের মা ফাতেমা বেগম ছেলেকে উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফুয়াদকে উদ্ধারের চেষ্টা চলছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
পরিবার ও এলাকাবাসী দ্রুত ফুয়াদের সন্ধান পাওয়ার আশায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।