প্রকাশ, ২৯ মার্চ ২০২৬
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। অবতরণের পর গোয়েন্দা সংস্থা এবং এভসেকের যৌথ অভিযানে কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণগুলো শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।