প্রকাশ ,২৯ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ শুরুর পর শনিবার এক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সর্বাধিক হামলা চালিয়েছে। চার ঘণ্টার মধ্যে দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা ঘটেছে, যার প্রায় ৭৪ শতাংশ রাজধানী তেহরানেই হয়েছে।
দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এক দিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। সংঘাতের এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১-এ, যার মধ্যে অন্তত ২৩৬ জন শিশু রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংস্থাগুলো সতর্ক করে বলছে, তেহরান ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতি তীব্র, এবং বেসামরিকদের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে।