প্রকাশ, ২৯ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ এবং নতুন সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট এবং হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার চারটি রাজশাহীতে পাঠানো হবে। এছাড়া হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজে ১১ দিনে ভেন্টিলেশনের অভাবে ৩৩ শিশুর মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও জানান, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের আওতায় আনতে সরকার ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। টিকা সংগ্রহ সম্পন্ন হলে সারা দেশে বিশেষ ক্যাম্পেইন চালানোর পরিকল্পনাও রয়েছে।