প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। সফরের মাঝপথেই তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে সফর করছিলেন মিজানুর রহমান আজহারি। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সফরের মাঝপথে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে এবং তাকে দেশত্যাগের নির্দেশ দেয়।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ছাড়ার অপেক্ষায় রয়েছেন। সফরটি আয়োজন করেছিল ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (IPDC)।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর Jonno Duniam বলেন, আজহারির আগমন নিয়ে বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশভিত্তিক Australian Federation for Ethnic and Religious Minorities in Bangladesh-সহ কয়েকটি সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
ডেইলি মেইল ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক বক্তব্যে আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঈশ্বরপ্রদত্ত শাস্তি’ বলে উল্লেখ করেছিলেন। এছাড়া তিনি ইহুদিদের নিয়ে আপত্তিকর ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এসব বক্তব্যের জেরেই তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার কয়েকজন রাজনীতিক দাবি করেছেন, ঘৃণামূলক বক্তব্য ও জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকেই সতর্কতা ছিল।