স্টাফ রিপোর্টার, ০৭ এপ্রিল ২০২৬
বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় এবং সরকারি কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারি কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার জেরে অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তা বিভিন্ন বিচারকের কাছে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া, এসব কর্মকাণ্ডকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং অসদাচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ৩ (২) অনুযায়ী পত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক দাবি করেছেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের মন্তব্য করেননি। তাদের ভাষ্য, বিচার বিভাগের পৃথক সচিবালয়, বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং স্বাধীন বিচার বিভাগ নিয়ে বিচারকদের সম্মিলিত উদ্যোগকে আতঙ্কিত করতেই এ শোকজ দেওয়া হয়েছে।