বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন প্রথা প্রতিষ্ঠার সময় এসেছে নির্বাচনে জয়লাভের আগেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সম্ভাব্য নাম ঘোষণা করা। যে দলই পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসুক, এই পদক্ষেপ আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে সম্পূর্ণ নতুন আলোয় উদ্ভাসিত করতে পারে।
এর প্রয়োজনীয়তা কোথায়?
কারণ নির্বাচনের আগে সম্ভাব্য মন্ত্রীদের নাম প্রকাশ করা হলে নাগরিকরা স্পষ্টভাবে বুঝতে পারবেন দেশের শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র, অর্থনীতি কিংবা আইনশৃঙ্খলার দায়িত্ব কোন যোগ্য হাতগুলোতে যেতে পারে। এতে ভোটাররা দলীয় আবেগ নয়, ব্যক্তির যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।
অতীত অভিজ্ঞতা একটাই বলে
ক্ষমতায় আসার পর মন্ত্রিসভা গঠনে প্রায়ই দেখা যায় দলীয় সমীকরণ, ব্যক্তিগত আনুগত্য কিংবা বহিঃচাপের প্রভাব। ফলে অনেক দক্ষ, নীতিবান, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ উপেক্ষিত হয়ে পড়ে; দেশও বঞ্চিত হয় সঠিক নেতৃত্বের সুযোগ থেকে।
কিন্তু যদি আগেই ঘোষণা করা হয়—কে কোন দায়িত্বে আসতে পারেন, তবে এতে তিনটি বড় পরিবর্তন আসবে—
- জনগণ জানতে পারবেন তারা কাকে ভোট দিচ্ছেন।
- দলকে নয়, যোগ্যতাকে প্রাধান্য দিয়ে ভোট দেয়ার সুযোগ তৈরি হবে।
- রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহির নতুন মানদণ্ড গড়ে উঠবে।
এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি একটি সাহসী রাজনৈতিক বার্তা
“আমরা জনগণের সামনে স্বচ্ছ। আমাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে দ্বিধাহীন। আপনাদের আস্থাই আমাদের শক্তি।”
এমন সাহস বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় খুব কমই দেখা যায়। অথচ উন্নত গণতন্ত্রে এটি একটি স্বাভাবিক প্র্যাকটিস যেখানে ক্ষমতার আসনে নয়, জনগণের আস্থার সিংহাসনে বসাই মূল লক্ষ্য।
গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন জনগণকে অন্ধকারে রাখা নয়, বরং প্রতিটি সিদ্ধান্ত আলোতে আনা হয়। আর সেই কারণেই এখন সময় এসেছে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার
নির্বাচনের আগেই সম্ভাব্য মন্ত্রিসভার নাম ঘোষণা হোক।
জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক তাদের সত্যিকারের সিদ্ধান্ত নেয়ার অধিকার।