স্বজনরা শান্ত পরিবেশে নির্বিঘ্নে কথা বলার সুযোগ পাচ্ছেন
চট্টগ্রাম ব্যুরো | ০৫ মার্চ ২০২৬
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ও হাজতিদের জন্য ইন্টারকম সেবা চালু করা হয়েছে। এতে বন্দিরা স্বজনদের সঙ্গে নির্বিঘ্নে কথা বলতে পারবেন, যা আগে ভিড় ও কোলাহলের কারণে সম্ভব হতো না।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইন্টারকম সেবার উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অর্থায়ন ও ব্যবস্থাপনা করেছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “কারাগারে দেখার কক্ষে ভিড় ও শব্দের কারণে স্বজনরা নিজেদের কথা প্রকাশ করতে পারত না। এই ইন্টারকম সুবিধার মাধ্যমে তারা শান্ত পরিবেশে ২০–৩০ মিনিট করে কথা বলতে পারবেন। ভবিষ্যতে স্বজনেরা অনলাইনের মাধ্যমে সিরিয়াল নিতে পারবেন—এ সম্পর্কিত একটি প্রকল্পের পরিকল্পনাও রয়েছে।”
প্রাথমিকভাবে কারাগারের দুই প্রান্তে মোট ৩২টি ইন্টারকম স্থাপন করা হয়েছে, প্রতিটি প্রান্তে ১৬টি করে। বন্দিরা তাদের মা, বাবা, ভাই, বোন ও সন্তানদের সঙ্গে সহজে কথা বলতে পারবেন।
স্বজনদের অভিজ্ঞতা অনুযায়ী, আগে চিৎকার-চেচাঁমেচির মধ্যেই কথা বলার চেষ্টা করতে হতো, যা প্রায় কিছু শোনা যেত না। এখন ইন্টারকমের মাধ্যমে তারা ফোনের মতো স্বচ্ছভাবে কথা বলতে পারছেন।