স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ, ২৩ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত পুলিশ সদস্যরা নিয়মিত মোটরসাইকেল তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় রোমিও-১১ টিমের সদস্যরা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে চাইলে অভিযুক্ত লিয়ন হঠাৎ কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া (এজাজ)-এর ওপর ধারালো দা দিয়ে পেছন দিক থেকে হামলা চালান।
হামলায় কনস্টেবল ইজাউল হক গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে। ঘটনার পরপরই লিয়ন পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।