সারা দেশে ৮০টি কেন্দ্রে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে পারবেন চলতি বছরের হজযাত্রীর
ঢাকা, বাংলাদেশ — ১৮ জানুয়ারি ২০২৬
চলতি বছরের হজযাত্রীদের জন্য টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশে মোট ৮০টি নির্ধারিত কেন্দ্রে হজযাত্রীরা প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন।
গতকাল শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ৮০টি টিকাকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। টিকা দেওয়ার তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।
ঢাকা জেলা ছাড়া অন্যান্য জেলার জন্য সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন অফিসে টিকা প্রদান করা হবে।
ঢাকা মহানগরীর টিকাকেন্দ্রগুলো হলো—
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।
ঢাকার বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার ভিত্তিতেই টিকা প্রদান করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।