নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ২১ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের দায়ে চারটি ড্রামট্রাকের চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে চারটি ড্রামট্রাকের চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার মুছাপুর এলাকা থেকে আসা বালুবাহী ট্রাকগুলো আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই করে ড্রামট্রাক চলাচলের ফলে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ হয়ে পড়েছে—এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ড্রাইভার রাজন, সাজ্জাদ হোসেন, নকিব ও রহমানকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। এর ফলে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন,
“অবৈধভাবে বালু পরিবহনের কারণে যেমন রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। এ কারণে অনুমোদনহীন পরিবহন ও বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।