প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তিনি সতর্ক করে বলেন, একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে, তাই তারা নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে এবং ক্ষমতায় যেতে হত্যার রাজনীতি করছে।
নাহিদ ইসলাম শুক্রবার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের সংসদসদস্য প্রার্থী দিলশানা পারুলের শাপলা কলি প্রতীকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচন হবে ঋণ খেলাপি ও দুর্বৃত্তদের বিরুদ্ধে জনগণের রায়ের নির্বাচন। দেশের মানুষ এখন নতুনদের সুযোগ দিতে চায়।
তিনি উল্লেখ করেন, “একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে। শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করেছে। যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের রাজনীতি রুখে দিতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের এখনও ধরতে পারেনি সরকার। বিচার দাবিতে তার পরিবার যমুনার সামনে অবস্থান করছে। এছাড়াও তিনি বলেন, দেশের মানুষ জালেম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিতে ভোট কেন্দ্রে যাবে।
সভায় তিনি জনগণকে অনুরোধ করেন, ভোট কেন্দ্রে নির্ভয়ে অংশগ্রহণ করবেন এবং ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করবেন। তিনি বলেন, কোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা পাবে না এবং দুর্নীতির রাজনীতি ফিরবে না।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, সাভার জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার প্রমুখ।