ঢাকা। ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৫ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৮টার দিকে ডা. শফিকুর রহমান ভোট দিতে কেন্দ্রে আসার কথা রয়েছে।
তাকে কেন্দ্র করে মনিপুর স্কুল কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। একইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও অবস্থান নিয়েছেন।
নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে রয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য সেনাবাহিনীর। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন।