চট্টগ্রাম | ১৭ মার্চ ২০২৬
চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। আন্দোলনের একপর্যায়ে অন্তত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
নগরীর অলংকার মোড় এলাকায় অবস্থিত ‘জাই ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। এ সময়ের মধ্যে একাধিক শিপমেন্ট সম্পন্ন হলেও মালিকপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করছে। ঈদুল ফিতর সামনে থাকায় বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
শ্রমিকরা জানান, মালিকপক্ষ ঈদের আগে আংশিক বেতন দেওয়ার প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তারা পূর্ণ বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন।
আন্দোলনের একপর্যায়ে হঠাৎ করে অন্তত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
এ বিষয়ে কারখানার মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই তাজুল ইসলাম জানান, সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। এছাড়া দুপুরে লেবার কোর্টের প্রতিনিধি ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন সংকট শিল্পাঞ্চলে উত্তেজনা তৈরি করছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।