বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, “আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে। তাদের মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে উঠার প্রবণতা দেখা যাচ্ছে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতীয় যুব কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। ‘যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন’ স্লোগানে আয়োজিত কনভেনশনে সারা দেশ থেকে প্রায় ৮০০ যুব প্রতিনিধি অংশ নেন।
সাইফুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে তরুণ-যুবাদের ত্যাগ ও সংগ্রামকে সরকার ধারাবাহিকভাবে প্রতারিত করেছে। তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক শক্তি তরুণদের ব্যবহার করলেও তাদের অধিকার দিতে চায় না, বরং ক্ষমতা টিকিয়ে রাখতে মবসন্ত্রাসসহ নানা কাজে তাদের নিয়োজিত করছে।
এই বামপন্থি নেতা তরুণদের রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারির অবাধ জাতীয় নির্বাচন ঝুঁকির মুখে পড়লে দেশ ভয়াবহ বিপদে পড়বে। তাই সরকারকে অবিলম্বে তাদের অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় যুব কনভেনশনে আরও বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, নৃ-বিজ্ঞানী ড. মোশরেকা অদিতি হকসহ বিভিন্ন বক্তা।