ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
শনিবার কারুর জেলার ওই জনসভায় অন্তত ৩০ হাজার মানুষের ভিড় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হঠাৎ অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মানুষ একে অপরের ওপর পড়ে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।
কারুর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কমপক্ষে ৪০০ জনকে আনার প্রক্রিয়া চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান সমাবেশস্থলে পৌঁছান। এছাড়া মুখ্যমন্ত্রী এম কে স্টালিন স্থানীয় জেলা সচিবকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
অপরদিকে চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে অভিযোগ করেছে, থালাপতি বিজয়ের দলের নেতাকর্মীদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বিজয়ের গ্রেপ্তার দাবি জানিয়েছে।