ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থীর আয়ের বড় অংশই বিনিয়োগ ও বাড়িভাড়া থেকে
ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস হলফনামায় নিজের নামে ৬৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। ঘোষিত আয়ের বড় অংশ এসেছে বিভিন্ন আর্থিক বিনিয়োগ ও বাড়িভাড়া থেকে।
হলফনামা অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয়ের তথ্য দেখাননি তিনি। ঘোষিত আয়ের পুরো অংশ এসেছে বাড়িভাড়া, ব্যাংক আমানত, এফডিআর, সঞ্চয়পত্র এবং পুঁজিবাজারে বিনিয়োগ থেকে।
বাড়িভাড়া থেকে বছরে আয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া এফডিআর ও ব্যাংক আমানতের সুদ বাবদ আয় ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।
💰 সম্পদের বিবরণ
সম্পদের তালিকায় মির্জা আব্বাসের নামে ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ারের তথ্য রয়েছে। পাশাপাশি ৩০ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। অস্ত্র ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা, যা দিয়ে তিনটি অস্ত্র কেনা হয়েছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৮ লাখ টাকা মূল্যমানের অকৃষি জমি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের তালিকায় রয়েছে ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন, দুটি গাড়ির পার্কিং সুবিধাসহ ২ হাজার ৯৩০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যমানের ৮ হাজার ৩০ বর্গফুটের একটি ফ্লোর।
এ ছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও পাঁচটি ফ্ল্যাটের তথ্যও উল্লেখ করা হয়েছে, যেগুলোর মোট আয়তন ৮ হাজার ৬০৪ বর্গফুট। তবে এসব ফ্ল্যাটের অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়নি।
🧾 কর ও মামলার তথ্য
হলফনামায় উল্লেখ করা হয়েছে, সর্বশেষ অর্থবছরে মির্জা আব্বাস ৩ কোটি ৫৫ লাখ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ২২টি মামলার তথ্যও সেখানে তুলে ধরা হয়েছে।
👩🦰 স্ত্রীর সম্পদের বিবরণ
তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ঢাকা ব্যাংকের শেয়ারের মূল্য ৩১ কোটি ৩৪ লাখ টাকা। এ ছাড়া ২২ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতুর তথ্যও রয়েছে। সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি সরকারি কোষাগারে ১১ লাখ ৪৫ হাজার টাকা কর পরিশোধ করেছেন।
👤 ব্যক্তিগত তথ্য
হলফনামা অনুযায়ী, ১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মির্জা আব্বাস শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রির কথা উল্লেখ করেছেন। তিনি সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র।