মার্চের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
ঢাকা, বাংলাদেশ — ১৮ জানুয়ারি ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ফেব্রুয়ারি ২০২৬ মাসের শেষ নাগাদ ফুয়েল লোডিং সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গত শুক্রবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পরিদর্শনকালে ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত প্রকৌশলী ও কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে রূপপুর প্রকল্প জাতীয় বিদ্যুৎখাতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
উপদেষ্টা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাংলাদেশ সরকারের একটি মেগা প্রকল্প। আন্তর্জাতিক সব নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ করে প্রকল্পটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
প্রকল্পে সংশ্লিষ্ট রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশলীরা জানান, আগামী ফেব্রুয়ারি ২০২৬ মাসের শেষ নাগাদ ইউনিট–১-এ ফুয়েল লোডিং সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া মার্চ ২০২৬-এর শেষ দিকে ইউনিট–১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরবর্তী সময়ে ধাপে ধাপে ইউনিট–১-এর মোট ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে কার্যকরভাবে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।