ঢাকা | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি টিকাটুলি ফুট ওভার ব্রিজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, মিতালী বিদ্যাপীঠ, রাজধানী মার্কেট, পীরসাহেব গলি (মশুরী খোলা), দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রাপুর বাজার, বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রায় সাহেব বাজার, নবাবপুর রোড ও কাপ্তান বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ হোমিও কলেজের সামনে গিয়ে শেষ হয়।
ড. আব্দুল মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকা জুড়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকার বিভিন্ন অঞ্চল।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ড. আব্দুল মান্নান বলেন, “৪০ দিন নগর ভবন তালাবদ্ধ করে রাখার জবাব ঢাকা-৬ এর জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে।”
তিনি বলেন, “যে সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে পরাজিত করেছিলেন, সেই খোকার পুত্রের চাঁদাবাজির জবাবও জনগণই দেবে।”
ড. আব্দুল মান্নান আরও বলেন, ঢাকা-৬ এর জনগণ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস পছন্দ করে না। আগামী নির্বাচনে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ নতুন ইতিহাস রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তুলবেন। পুরান ঢাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
“আর নয় অবহেলা—আধুনিক হবে পুরান ঢাকা”—এই স্লোগান সামনে রেখে ঢাকা-৬ আসনের বিদ্যমান সকল সমস্যা সমাধানের অঙ্গীকার করেন ড. আব্দুল মান্নান। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।