ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে আবারও বাড়ানো হয়েছে দেশের স্বর্ণ ও রুপার দাম। টানা দুই দফা কমার পর নতুন করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও এর প্রভাব থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।