মতলব দক্ষিণ (চাঁদপুর) | ০৪ মার্চ ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি ঘর থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি এসআর অলক কুমার মোহন্ত (২৭)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
অলক কুমার মোহন্ত তিন মাস ধরে বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। মঙ্গলবার সারা দিন ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিক সন্দেহ করেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখা হলে বিছানায় তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। এরপর পুলিশকে খবর দিলে তারা দরজা কেটে লাশ উদ্ধার করেন।
অলক রাজশাহীর নওগাঁও জেলার নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।
বাড়ির মালিক মতিন মৃধা বলেন, “ঘরটি বন্ধ থাকায় সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় জানালা খুলে দেখা হয় এবং পুলিশকে জানানো হয়।”
অলকের সহকর্মীরা জানিয়েছেন, ২ মার্চ তিনি কাজে এসেছিলেন, কিন্তু ৩ মার্চ অনুপস্থিত ছিলেন এবং ফোনও রিসিভ করেননি।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
1 Comment
Maximize your earnings with top-tier offers—apply now!