ঢাকা | ১৬ মার্চ ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের জন্য অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদনের জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। আবেদন প্রাপ্ত হলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে অনুমোদন বা নামঞ্জুর করবেন।
যদি সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হয়, তবে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এদিকে যেসব করদাতার অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই, তারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। তবে তারা চাইলে অনলাইনেও সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।