ময়মনসিংহ,
গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু
আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান মঞ্চ ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তানজিন আহমেদ মিঠু নামে ছাত্রদলের এক নেতার।
মিঠু উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেনের সমর্থক ছিলেন।এলাকায় উত্তেজনা বিরাজ করছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
স্থানীয়রা জানান,আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রোববার ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসেনের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালায় হিরন সমর্থকরা।
ইকবাল সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন।এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সময় ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু মারা যান।
এদিকে শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।